ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের কাছে দুই নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের কাছ থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ১০টার দিকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

দুই নারীর একজনের বয়স প্রায় ৬০ বছর এবং অন্যজনের বয়স প্রায় ৫৮ বছর। তাঁদের পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ ধারণা করছে, তাঁরা ভবঘুরে ছিলেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প সূত্রে জানা গেছে, সকালে হাসপাতালের জরুরি বিভাগের কাছে তাঁদের পড়ে থাকতে দেখে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে ক্যাম্প পুলিশের সহায়তায় তাঁদের উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

পরিদর্শক ফারুক আরও বলেন, মৃত দুই নারী ভবঘুরে প্রকৃতির। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতা ও বার্ধক্যের কারণে তাঁদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, মৃত দুই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।