শতাব্দীপুরোনো জটিল সমস্যার সমাধান করে ফিল্ডস মেডেল পেলেন দুই চীনা গণিতবিদ

বিবিসি

চীনের গণিতবিদ হিসেবে প্রথমবারের মতো গণিতে সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার ফিল্ডস মেডেল জিতেছেন হং ওয়াং ও ইউ দেং। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রে এমন তথ্য জানা গেছে।

এক শতাব্দীর বেশি সময় ধরে গণিতবিদদের জন্য দুর্বোধ্য হয়ে থাকা এক জটিল সমস্যার সমাধান করার স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে শিক্ষকতা করা ৩৫ বছর বয়সী হং ওয়াং এই সম্মাননা অর্জনকারী তৃতীয় নারী।

চীনের গণিতবিদ হং ওয়াং ও ইউ দেংয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জন পারডন এবং কানাডার জ্যাকব সিমারম্যানও এ পুরস্কার পেয়েছেন।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে হং ওয়াং ও ইউ দেংয়ের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। পুরস্কার হিসেবে প্রত্যেকে ১৫ হাজার কানাডীয় ডলার (প্রায় ১০ হাজার ৫০০ মার্কিন ডলার) করে পেয়েছেন। এমন এক সময়ে এই পুরস্কার দেওয়া হলো, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানবনির্ভর গণনার সক্ষমতাকে ক্রমেই চ্যালেঞ্জের মুখে ফেলছে।

চীনা গবেষকদের এ অর্জন চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। ‘ফিল্ডস মেডেল’ এবং ‘ফার্স্ট চায়নিজ ম্যাথমেটিশিয়ানস টু উইন ফিল্ড মার্শালস’—এই দুটি হ্যাশট্যাগ ওয়েইবো, রেডনোটসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে লাখ লাখ ভিউ পেয়েছে।

গণিতের ক্ষেত্রে ফিল্ডস মেডেল পুরস্কারকে নোবেল পুরস্কারের সমতুল্য হিসেবে বিবেচনা করা হয়। ওয়েইবোর এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এটি সব চীনা মানুষের গর্ব।’ আরেকজন লিখেছেন, ‘আমরা ইতিহাসের সাক্ষী হচ্ছি।’

চীনের সংবাদমাধ্যমও দুই গণিতবিদকে নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। তাঁদের শিক্ষাজীবন, ব্যক্তিগত আগ্রহ এবং এই অর্জন চীনের জন্য কী তাৎপর্য বহন করে—এসব বিষয় বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

সহকর্মী জশ জালের সঙ্গে মিলে হং ওয়াং ১৯১৭ সালে জাপানি গণিতবিদ সোইচি কাকেয়া উত্থাপিত বিখ্যাত এক সমস্যার সমাধান করেন। প্রশ্নটি ছিল—একটি পেনসিলকে যদি সম্পূর্ণ একবার ঘুরিয়ে নেওয়া হয়, তাহলে সেটি ঘুরতে গিয়ে সর্বনিম্ন কতটুকু ক্ষেত্রফল অতিক্রম করবে?

ওয়াং ও জাল সমস্যাটি বিশ্লেষণ করেন এ ধারণার ভিত্তিতে যে পেনসিলটি সমতল পৃষ্ঠে নয়; বরং ত্রিমাত্রিক (থ্রি-ডি) শূন্যে ভাসছে। তাঁরা গত বছর এ নিয়ে তাঁদের গবেষণা প্রতিবেদন প্রকাশ করেন।

এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াং বলেন, ‘এ অনুমান মানুষকে খুব আকৃষ্ট করেছে। কারণ, সম্পূর্ণ ভিন্ন ভিন্ন ক্ষেত্রের নানা সমস্যায় স্বাভাবিকভাবেই এ ধরনের ঘটনা দেখা যায়।’

শিকাগো বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ৩৭ বছর বয়সী ইউ দেংও এক শতাব্দী ধরে অমীমাংসিত থাকা আরেকটি গাণিতিক সমস্যার সমাধানের জন্য ফিল্ডস মেডেলে ভূষিত হয়েছেন।

১৯০০ সালে জার্মান গণিতবিদ ডেভিড হিলবার্ট একটি প্রশ্ন উত্থাপন করেন, যা পরে হিলবার্টের ষষ্ঠ সমস্যা নামে পরিচিতি পায়। প্রশ্নটি ছিল—পৃথক পৃথক কণার গতিবিধির ভিত্তিতে কীভাবে একটি সামগ্রিক ব্যবস্থার আচরণ গণনা করা যায়?

ইউ দেং গ্যাসের আচরণ বিশ্লেষণের মাধ্যমে এ সমস্যার সমাধান করেন।

এ স্বীকৃতি পাওয়ার পর ইউ দেং বলেন, ‘যেসব মহান গণিতবিদকে আমি সব সময় শ্রদ্ধা করেছি, তাঁদের নামের পাশে নিজের নাম দেখতে পাওয়াটা সত্যিই বিরাট সম্মানের।’

গণিতবিদ হং ওয়াং হারমোনিক অ্যানালাইসিস নিয়ে গবেষণা করেছেন, যা মূলত তরঙ্গের গতিবিধি ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করে।

বিশ্বের ৪০ বছরের কম বয়সী অসাধারণ কৃতিত্বপূর্ণ গণিতবিদদের প্রতি চার বছর পর ফিল্ডস মেডেল পুরস্কার দেওয়া হয়।

হং ওয়াং চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। শুরুতে তিনি ভূবিজ্ঞান বিভাগে পড়লেও এক বছর পর গণিত বিভাগে চলে যান। সেখানে পড়াশোনা শেষে উচ্চশিক্ষার জন্য বিদেশে যান হং ওয়াং। ফ্রান্সের প্যারিস-সুদ বিশ্ববিদ্যালয় এবং একোল পলিটেকনিকে পড়াশোনা করেন। পরে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

বর্তমানে ওয়াং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কর্মরত।

আর ইউ দেং প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় থেকেই গণিত অলিম্পিয়াড ও বিভিন্ন গণিত প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করেন। ২০০৭ সালে তিনিও হং ওয়াংয়ের সঙ্গে পিকিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তবে ২০০৯ সালে তিনি এমআইটিতে স্থানান্তরিত হন। পরে ইউ দেং প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০২৪ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন।