নারী কেলেঙ্কারির মাস ঘুরতেই পদোন্নতিতুল্য পুনর্বাসন বিআইডব্লিউটিএ’র সেই আরিফ

নিজস্ব প্রতিনিধি : 

সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ক্লিপ প্রকাশের ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা এ কে এম আরিফ উদ্দিনকে পদোন্নতিতুল্য নতুন পদে পদায়ন করা হয়েছে। তাকে সংস্থাটির 'ক্রয় ও সংরক্ষণ' বিভাগের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে এ সংক্রান্ত একটি দপ্তর আদেশ জারি করা হয়।
আদেশে উল্লেখ করা হয়, কর্তৃপক্ষের কাজের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই এই পদায়ন করা হয়েছে বলে এতে জানানো হয়।

এর আগে, গত ২৩ জুন অনৈতিক কাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিআইডব্লিউটিএ’র তত্কালীন পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) এ কে এম আরিফ উদ্দিনকে (আরিফ হাসনাত) সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

বরখাস্তের আদেশে বলা হয়েছিল, এ.কে.এম. আরিফ উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগসংবলিত ভিডিও ক্লিপ প্রকাশিত হয়েছে। এতে সংস্থাটির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৯০-এর বিধি ৩৫ (খ) ও (ঙ) লঙ্ঘনের কারণে বিধি ৪১(১) অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ওই সময়ে আরিফ উদ্দিনের জায়গায় পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ বিভাগ) মো. সাইফুল ইসলামকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে বন্দর ও পরিবহন বিভাগের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছিল। বরখাস্তের এক মাসের মাথায় তাকে পুনরায় গুরুত্বপূর্ণ একটি বিভাগের পরিচালক হিসেবে ফিরিয়ে আনা নিয়ে প্রশাসনিক মহলে আলোচনা সৃষ্টি হয়েছে।