দুর্গন্ধের কারণ খুঁজতে গিয়ে মিলল বৃদ্ধের অর্ধগলিত মরদেহ
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগে হাসপাতাল থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর আবুল কাশেম (৬০) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় সেনবাগ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিন্নাগুনি গ্রামের ফজল মুন্সির বাড়ির পশ্চিম পাশে একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আবুল কাশেম উপজেলার ৪ নম্বর কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
পুলিশ ও পরিবারের সূত্রে জানা যায়, অসুস্থতার কারণে কয়েকদিন আগে তিনি সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন। গত ২৪ জুলাই সন্ধ্যা ছয়টার দিকে কাউকে কিছু না জানিয়ে হাসপাতাল থেকে বের হয়ে বিন্নাগুনি গ্রামে তাঁর বোনের বাড়িতে যান। পরে সেখান থেকে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
সোমবার বিকেলে বোনের বাড়ির পাশের ডোবা থেকে দুর্গন্ধ বের হতে দেখে স্থানীয়রা সেখানে গিয়ে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তারা পুলিশে খবর দিলে সেনবাগ থানার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আবুল কাশেমের বলে শনাক্ত করেন। পুলিশ জানায়, মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার জানান, আবুল কাশেম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।