মাগুরায় তিন বেসরকারি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
মাগুরা প্রতিনিধি:
অভিযানকালে শহরের সাইন্স ল্যাব হাসপাতাল, ইবনে সিনা ক্লিনিক ও পলি ক্লিনিক পরিদর্শন করা হয়। এ সময় প্রতিষ্ঠানগুলোয় বৈধ লাইসেন্সের ঘাটতি, অপরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসেবা প্রদান, স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ না করা এবং সরকারি নির্দেশনা ও প্রচলিত নিয়ম-কানুন লঙ্ঘনের একাধিক অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে লাইসেন্স নবায়ন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সব সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়।
অভিযান শেষে মাগুরার সিভিল সার্জন ডা. মো. শামীম কবির বলেন, “জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে। স্বাস্থ্যসেবার নামে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না।”
জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলার সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পর্যায়ক্রমে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে রোগীরা নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা পান।