প্রকাশ : ২৮ জুলাই ২০২৬
সময়: ১১:০৪ এএম
একাই শত নারীর খাঁচায়, ৪০০ সন্তানের বাবা হওয়ার আশঙ্কায় আলোচনায় 'র্যান্ডি' গিনিপিগ!
একটি ছোট্ট ভুল, আর তাতেই ঘটে যায় অবিশ্বাস্য এক ঘটনা। একটি পুরুষ গিনিপিগ অজান্তে নারী গিনিপিগদের ঘেরে ঢুকে পড়া থেকে সৃষ্টি হয় এমন পরিস্থিতি, যা পরে বিশ্বজুড়ে মজার খবর হিসেবে আলোচনায় আসে।
ঘটনাটি ২০১৪ সালের। ইংল্যান্ডের ওয়ারউইকশায়ারের হ্যাটন কান্ট্রি ওয়ার্ল্ডে পরিচর্যাকারীরা হঠাৎ লক্ষ্য করেন, প্রায় ১০০টি নারী গিনিপিগই গর্ভবতী। শুরুতে এর কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তদন্ত করে ধারণা করা হয়, 'র্যান্ডি' নামের একটি পুরুষ গিনিপিগ কয়েক সপ্তাহ ধরে অজান্তেই নারী গিনিপিগদের ঘেরেই অবস্থান করছিল।
যতক্ষণে বিষয়টি ধরা পড়ে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ঘটনাটির পরই পরিচর্যাকারীরা মজা করে গিনিপিগটির নাম দেন 'র্যান্ডি'।
গিনিপিগ সাধারণত একবারে গড়ে চারটি বাচ্চার জন্ম দেয়। সেই হিসাবে পার্ক কর্তৃপক্ষ আশঙ্কা করেছিল, র্যান্ডির কারণে প্রায় ৪০০টি নতুন গিনিপিগের জন্ম হতে পারে। পার্কের ম্যানেজার রিচার্ড ক্র্যাডক রসিকতা করে বলেছিলেন, "আমাদের একটি পুরুষ গিনিপিগ কোনোভাবে নারীদের ঘেরে ঢুকে পড়েছিল, আর দেখে মনে হচ্ছে সে সেখানে বেশ ভালো সময়ই কাটিয়েছে।"
র্যান্ডি কীভাবে নারী গিনিপিগদের ঘেরে পৌঁছেছিল, তা আজও নিশ্চিতভাবে জানা যায়নি। ধারণা করা হয়, হয়তো সে নিজেই পালিয়ে সেখানে ঢুকে পড়েছিল। আবার কেউ কেউ মনে করেন, কোনো শিশু দর্শনার্থী আদর করার পর ভুলবশত তাকে অন্য খাঁচায় রেখে যেতে পারে।
মজার বিষয় হলো, পুরো ঘটনার পর পরিচর্যাকারীরা লক্ষ্য করেন, র্যান্ডি আগের তুলনায় বেশ রোগা হয়ে গেছে! এদিকে তখন প্রায় ৩০০ গিনিপিগের আবাসস্থল পার্কটিতে নতুন শত শত বাচ্চা জন্মানোর সম্ভাবনায় জায়গা সংকট দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে গিনিপিগ ফার্ম সম্প্রসারণের প্রস্তুতিও নিতে হয় কর্তৃপক্ষকে।
ঘটনাটি যেমন হাস্যরসের জন্ম দিয়েছিল, তেমনি প্রাণী ব্যবস্থাপনায় নিরাপদ আবাসন ও প্রজনন নিয়ন্ত্রণের গুরুত্বও নতুন করে সামনে এনে দিয়েছিল।