বাগেরহাটে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি ব্যক্তিগত ক্লিনিক সিলগালার পর এবার বিভিন্ন অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন। অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
স্বাস্থ্য সেবা বিভাগের শৃঙ্খলা-২ শাখার সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। রোববার (২৬ জুলাই) স্বাক্ষরিত চিঠি সোমবার (২৭ জুলাই) বিকেলে বাগেরহাট স্বাস্থ্য বিভাগে পৌঁছায়।
চিঠিতে উল্লেখ করা হয়, ডা. কামাল হোসেন মুফতি মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শনে হাসপাতালে নানা অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা এবং এমনকি শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া যায়, যা চিকিৎসা সেবার সুনাম নষ্ট করছে।
সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(১) ধারা অনুযায়ী, কোনো কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা প্রস্তাব বা রুজু হলে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষ অভিযোগের মাত্রা ও প্রকৃতি বিবেচনা করে তাকে সাময়িক বরখাস্ত করতে পারে। সেই অনুযায়ী, ডা. কামাল হোসেন মুফতিকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।
বাগেরহাটের সিভিল সার্জন আ স ম মাহবুবুর রহমান বলেন, “কামাল হোসেন মুফতিকে সাময়িক বরখাস্তের বিষয়টি শুনেছি। আমরা চিঠি পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
প্রসঙ্গত, গত ২৫ জুলাই স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনে নানা অনিয়ম ধরা পড়ায় তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।