কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণিতে উন্নীত করতে প্রতিমন্ত্রী শরীফুল আলমের ডিও লেটার

মোঃ মাইন উদ্দিন, কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভাকে বর্তমান 'খ' শ্রেণি থেকে 'ক' (প্রথম) শ্রেণির পৌরসভায় উন্নীত করার উদ্যোগ নিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী এবং কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য মোঃ শরীফুল আলম। এ লক্ষ্যে তিনি স্থানীয় সরকার বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার কাছে একটি ডেমি-অফিসিয়াল (ডিও) চিঠি পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

জানা গেছে, ২৩ জুলাই প্রেরিত ওই ডিও লেটারে কুলিয়ারচর পৌরসভার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির স্বার্থে পৌরসভাটিকে প্রথম শ্রেণিতে উন্নীত করার যৌক্তিকতা তুলে ধরা হয়।

চিঠিতে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সরকার স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে টেকসই উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করছে। এদিকে কুলিয়ারচর পৌর এলাকায় জনসংখ্যা বৃদ্ধি, অবকাঠামোগত সম্প্রসারণ, ব্যবসা-বাণিজ্যের বিকাশ এবং নগরায়ণের ফলে নাগরিক সেবার চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়েছে। কিন্তু 'খ' শ্রেণিভুক্ত পৌরসভা হওয়ায় সীমিত আর্থিক ও প্রশাসনিক সক্ষমতার কারণে প্রত্যাশিত মানের সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।

ডিও লেটারে আরও বলা হয়, কুলিয়ারচর পৌরসভাকে 'ক' শ্রেণিতে উন্নীত করা হলে অধিকতর উন্নয়ন প্রকল্প গ্রহণের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে পৌর কর্তৃপক্ষের প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি পাবে এবং আধুনিক ও মানসম্মত নাগরিক সেবা নিশ্চিত করা সহজ হবে। এতে পৌরবাসী সরাসরি উন্নত সেবার সুফল ভোগ করবেন।

এসব বিষয় বিবেচনায় নিয়ে কুলিয়ারচর পৌরসভাকে 'খ' শ্রেণি থেকে 'ক' (প্রথম) শ্রেণিতে উন্নীত করতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য স্থানীয় সরকার বিভাগের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম।

স্থানীয়দের প্রত্যাশা, সরকারের ইতিবাচক সিদ্ধান্তের মাধ্যমে কুলিয়ারচর পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নীত হলে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা এবং পৌরসেবার মানে নতুন গতি আসবে।