সায়দাবাদে চুরি করতে গিয়ে জনতার ফাদে কিশোর গ্যাং সদস্য কাউছার, পুলিশে হস্তান্তর

মোঃ বশির আহমেদ সানি 

রাজধানীর সায়দাবাদ এলাকায় চুরির সময় হাতেনাতে ধরা পড়েছে ‘কিশোর গ্যাং’-এর এক সক্রিয় সদস্য। স্থানীয় বাসিন্দা সবুজের বাড়ি থেকে চুরির সময় তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

আটককৃতের নাম মোঃ কাউছার (১৪)। সে শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার ছয়ঘা (মোল্লা বাড়ী) এলাকার মোঃ সহিদুল ইসলাম ও সেলিনা বেগমের ছেলে। বর্তমানে সে রাজধানীর যাত্রাবাড়ী থানার ধলপুর বউবাজার লিচু বাগান মসজিদ সংলগ্ন মজিবরের বাড়ির ৩য় তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে সায়েদাবাদের বাসিন্দা সবুজের বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে কাউছার। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন ও এলাকাবাসী তাকে ঘিরে ফেলে এবং হাতেনাতে ধরে ফেলে। এলাকাবাসীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কিশোর গ্যাংয়ের সাথে সম্পৃক্ততার কথা প্রকাশ করে। পরে তাকে স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সায়দাবাদ ও আশপাশের এলাকায় এই কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য চরম আকার ধারণ করেছে। কিছুদিন আগেই স্থানীয় একটি মাদ্রাসার পাশের একটি নির্মাণাধীন (আন্ডার কনস্ট্রাকশন) ভবন থেকে এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছিল।

চাঞ্চল্যকর সেই হত্যাকাণ্ডে কিশোর গ্যাংয়ের প্রত্যক্ষ সম্পৃক্ততা উন্মোচিত হয়েছে। মামলাটি বর্তমানে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) তদন্ত করছে। পিবিআই-এর তদন্তে ইতোমধ্যে গ্যাংয়ের বেশ কয়েকজন সদস্যের নাম বেরিয়ে এসেছে, যার মধ্যে দুইজনকে গ্রেফতার করা হলেও বাকিরা এখনও অধরা। অধরা এসব কিশোর গ্যাং সদস্যরা এলাকায় মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে এবং ক্রমাগত চুরি, ছিনতাই ও নৈরাজ্য চালিয়ে যাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

পুলিশ জানিয়েছে, আটককৃত কাউছারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বস্তাবন্দী লাশ উদ্ধারসহ অন্যান্য অপরাধে তার বা তার চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তা নিবিড়ভাবে খতিয়ে দেখা হবে।