সুনামগঞ্জে ধোপাজান চলতি নদীতে অবৈধ বালু লুটপাট বন্ধ, নিয়মিত মোবাইল কোর্ট চালুর দাবিতে মানববন্ধন

‎​সুনামগঞ্জ প্রতিনিধি:
‎​সুনামগঞ্জের ঐতিহ্যবাহী ধোপাজান চলতি নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদী রক্ষায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‎​বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) 'ধোপাজান চলতি নদী রক্ষা আন্দোলন কমিটি'-এর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

এতে সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা।
‎​ধোপাজান চলতি নদী রক্ষা আন্দোলন কমিটির উপদেষ্টা এরশাদ মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ নূরের পরিচালনায় মানববন্ধনে  বক্তব্য রাখেন, সংগঠনের আহ্বায়ক গোলাম হোসেন অভি, উপদেষ্টা শেখ এমদাদুল হক, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক আল আমিন, অমিত তালুকদার, আজিজুর রুহেল, যুগ্ম সদস্য শফিকুল বারী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতী শহীদুল ইসলাম পলাশী প্রমুখ।

‎​মানববন্ধনে বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও স্থানীয় অর্থনীতি টিকিয়ে রাখতে ধোপাজান চলতি নদী সুনামগঞ্জের অন্যতম প্রধান সম্পদ। কিন্তু দীর্ঘদিন ধরে নদীটির ইজারা বন্ধ থাকার সুযোগে একশ্রেণির প্রভাবশালী চক্র রাতের আঁধারে বিভিন্ন নৌযান দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও লুটপাট চালিয়ে যাচ্ছে। এতে সরকার যেমন বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি নদীর দুই তীরের পরিবেশ এবং তীরবর্তী সাধারণ মানুষের বসতবাড়ি ও স্থাপনা মারাত্মক হুমকির মুখে পড়েছে।
‎​সমাবেশে পরিবেশ ধ্বংসের হাত থেকে নদীটি রক্ষায় সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের কাছে কয়েকটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— রাতের আঁধারে পরিবেশ-বিধ্বংসী অবৈধ বালু ও পাথর উত্তোলন অবিলম্বে বন্ধ করা, আইনানুগভাবে বালুমহাল ইজারা না দেওয়া পর্যন্ত নদীতে সর্বপ্রকার বালু উত্তোলন বন্ধ রাখা, অবৈধ উত্তোলন রোধে রাতে প্রশাসনিক টহল জোরদারসহ নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা এবং অসাধু বালুখেকো চক্রকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

‎​মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব রহমতুল্লাহ, আলাউর রহমান, মাজহারুল ইসলাম সুবেল, মো. শরীফ, জুলাই যোদ্ধা আজিজুল হকসহ স্থানীয় শ্রমজীবী মানুষ ও সর্বস্তরের সাধারণ জনগণ। 

আন্দোলনকারীরা অনতিবিলম্বে এসব দাবি মেনে নিয়ে ধোপাজান চলতি নদী রক্ষায় জেলা প্রশাসনসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।