এআই নির্মিত প্রতিমন্ত্রীর ভুয়া ভিডিও ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে বোদায় বিএনপির বিক্ষোভ

মোঃ মাহমুদুল হাসান বাবু পঞ্চগড় প্রতিনিধি: 

শিবিরের একটি মিডিয়া সেল থেকে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া ছবি ও ভিডিও প্রকাশের প্রতিবাদে পঞ্চগড়ের বোদায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন।

বুধবার (২৯ জুলাই) বিকেলে বোদা ধানাহাটি মাঠ থেকে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করতে এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। শিবিরের কথিত অনলাইন নেটওয়ার্কের মাধ্যমে এআই প্রযুক্তিতে তৈরি ভুয়া ভিডিও ও ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা ইতোমধ্যে বিভিন্ন ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্মে অসত্য ও এআই-নির্মিত বলে প্রমাণিত হয়েছে।

বক্তারা আরও বলেন, “প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ একজন সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিক হিসেবে জনগণের ভালোবাসায় নির্বাচিত হয়েছেন। তাঁর ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচারের পথ বেছে নেওয়া হয়েছে। জনগণ এই ধরনের অপকৌশল প্রত্যাখ্যান করেছে।” অপরাজনীতি ও ডিজিটাল অপপ্রচার বন্ধ করে সুস্থ ধারার রাজনীতি চর্চার জন্য সমাবেশ থেকে সতর্কবার্তা দেওয়া হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ অনু, যুবদলের আহ্বায়ক এলাহী কুদরত ই আমিন সাগর এবং সদস্য সচিব সোহেল রানা। এছাড়া কৃষক দল, মহিলা দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ এতে অংশ নেন।