কালীগঞ্জের আব্দুলখালি মোড়ে দোকানের চাল ভেঙে দুঃসাহসিক ডাকাতি

মোঃ মহাসিন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার আব্দুলখালি মোড়ে অবস্থিত শেখ এন্টারপ্রাইজ-এ দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৯ জুলাই) গভীর রাতে দুর্বৃত্তরা দোকানের চাল ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ অর্থ ও মালামাল লুট করে নিয়ে যায়।

দোকান সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা দোকানের চাল কেটে ভেতরে প্রবেশ করে নগদ ৫০ হাজার টাকা এবং প্রায় ২৫ হাজার টাকার সিগারেট নিয়ে যায়। এছাড়া দোকানের বিভিন্ন মালামাল এলোপাতাড়িভাবে ছড়িয়ে-ছিটিয়ে রেখে যায়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে দোকান খুলতে এসে শেখ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ জহির রায়হান ঘটনাটি জানতে পারেন। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মোঃ জহির রায়হান এ প্রতিনিধিকে জানান, তাঁর ধারণা, এলাকার কিছু নেশাগ্রস্ত ও বিপথগামী যুবক এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে এ বিষয়ে তিনি কোনো সুনির্দিষ্ট প্রমাণের কথা উল্লেখ করেননি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর দৃষ্টি আকর্ষন করেছেন।