প্রকাশ : ৩০ জুলাই ২০২৬
সময়: ০১:৩৫ পিএম
বিজয় সরণি মোড়ে ট্রাফিক পুলিশের অভিযান: অবৈধ ব্যাটারিচালিত রিকশা জব্দ ও ডাম্পিং
সাজ্জাদ আহমেদ:
ঢাকা: রাজধানী ঢাকার সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে ও যানজট নিরসনে কঠোর অবস্থানে রয়েছে ট্রাফিক পুলিশ। এরই অংশ হিসেবে বিজয় সরণি মোড়ে অবৈধ ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে জোরদার অভিযান পরিচালনা করা হয়েছে। আজ নিয়মিত ডিউটির অংশ হিসেবে ট্রাফিক সার্জেন্টদের প্রত্যক্ষ উপস্থিতিতে সড়ক থেকে বেশ কিছু ব্যাটারিচালিত রিকশা আটক ও ডাম্পিং করা হয়।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, গুরুত্বপূর্ণ এই সংযোগস্থলে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচলের কারণে প্রায়শই যানজট ও ছোট-বড় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছিল। মূল সড়কে এসব রিকশা চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্য করায় ট্রাফিক সার্জেন্টগণ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন এবং আটককৃত রিকশাগুলো ডাম্পিংয়ে পাঠান।
অভিযান পরিচালনাকারী ট্রাফিক সার্জেন্টদের একজন জানান,
"নিয়মিত কাজের অংশ হিসেবেই আমরা ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে এই পদক্ষেপ নিচ্ছি। মূল সড়কের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের যাত্রা ঝুঁকিমুক্ত করাই আমাদের প্রধান লক্ষ্য। এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।"
অভিযান চলাকালে পথচারী ও দূরপাল্লার যানবাহনের চালকরা ট্রাফিক পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন। তারা জানান, বিজয় সরণির মতো ব্যস্ততম মোড়ে ব্যাটারিচালিত রিকশা না থাকলে সড়কে শৃঙ্খলা ফিরে আসে এবং চলাচলে গতি বাড়ে।
সড়কে যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে এবং যানজট মুক্ত রাখতে আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক সার্জেন্টদের এই কঠোর ভূমিকা প্রশংসিত হচ্ছে।