কালীগঞ্জে একই রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ চুরি, লাখ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট

মোঃ মহাসিন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের সাইহাটি গ্রামের খা পাড়ায় পাশাপাশি দুটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৩ আগস্ট) রাত আনুমানিক ১০টা থেকে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, সাইহাটি গ্রামের মৃত ইমাম আলী খানের ছেলে মো. আজিমের বাড়ি থেকে এক ভরি ওজনের স্বর্ণের রুলি এক জোড়া, চার আনা ওজনের স্বর্ণের কানের দুল এক জোড়া এবং এক আনা ওজনের একটি স্বর্ণের আংটি চুরি হয়েছে।

একই সময়ে পাশের বাড়ির বাসিন্দা মৃত বাবর আলী খানের ছেলে মো. শাকিলের বাড়ি থেকেও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি হয়। চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে ১০ আনা ওজনের দুটি স্বর্ণের আংটি, এক ভরি ১২ আনা ওজনের দুটি স্বর্ণের চেইন, ১২ আনা ওজনের দুটি জোড়া কানের দুল, এক ভরি ১২ আনা ওজনের এক জোড়া স্বর্ণের রুলি, মাটির ব্যাংকে জমা রাখা প্রায় ৫০ হাজার টাকা এবং শোকেজের ড্রয়ারে থাকা আরও ১৭ হাজার টাকা।

ঘটনার বিষয়টি রাত সাড়ে ১২টার দিকে কালিগঞ্জ থানায় জানানো হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে রাত প্রায় ২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন।

কালিগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।