নালিতাবাড়ী ইউনিয়ন বিএনপিতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন বিএনপিতে অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে রূপ নিয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগের জবাবে পাল্টা সংবাদ সম্মেলন করায় বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে স্থানীয় প্রেসক্লাব কার্যালয়ে যোগানিয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন।

লিখিত বক্তব্যে তারা দাবি করেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী ব্যক্তিগত ও রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে তাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। তারা এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তার রাজনৈতিক অবস্থান দুর্বল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি যাচাই-বাছাই ছাড়া কোনো প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বলেন, মিথ্যা তথ্য ছড়িয়ে দলের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না। তিনি দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

উল্লেখ্য, এর আগে গত ২ আগস্ট যোগানিয়া ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতার ব্যানারে অনুষ্ঠিত পৃথক সংবাদ সম্মেলনে ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বাদশা মিয়া সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি, সরকারি প্রণোদনা আত্মসাৎ, সরকারি সেবা পেতে ঘুষ গ্রহণ এবং চাঁদাবাজির মতো অভিযোগ উত্থাপন করে তাদের অপসারণের দাবি জানান।

ওই সংবাদ সম্মেলনে অভিযোগকারীরা সভাপতি ও সাধারণ সম্পাদকের পরিবারের সদস্যদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়েও প্রশ্ন তোলেন। তবে এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে নিজেদের অবস্থান তুলে ধরেছেন অভিযুক্ত দুই নেতা