রাজধানীর উত্তরায় রাজউকের উচ্ছেদ অভিযানে ৮ বাড়ির ৪৪টি বিদ্যুৎ মিটার বিচ্ছিন্ন করলো ডেসকো

তাসলিমা তমা :

রাজধানীর উত্তরার উত্তর খান মাজার রোড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে রাজউকের  ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ৮টি বাড়ি উচ্ছেদ করা হয়।

আজ  সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে সহযোগিতা করে ডেসকো কর্তৃপক্ষ।

ডেসকোর একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই ৮টি বাড়ির মোট ৪৪টি অবৈধ বিদ্যুৎ সংযোগের মিটার বিচ্ছিন্ন করে নেয়। 

অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান জানান, সরকারি জায়গা দখল করে অবৈধভাবে বাড়ি নির্মাণ ও বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসময় আইনশৃঙ্খলা রক্ষায় বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন ছিল। উচ্ছেদ অভিযানের কারণে এলাকায় কিছু সময় যান চলাচল বিঘ্নিত হয়।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এই এলাকায় অবৈধ স্থাপনার কারণে যানজট ও নানা ভোগান্তি হচ্ছিল।