লামায় তহ্জিংডং প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

লামা প্রতিনিধি(বান্দরবান)

বান্দরবানের লামা উপজেলায় ‘বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী সেবাসমূহে প্রবেশাধিকার ও ব্যবহার নিশ্চিতকরণ প্রকল্প’-এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বিকেলে লামা উপজেলা পরিষদ সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা তহ্জিংডংয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রকল্পের কো-অর্ডিনেটর জাফর উল্লাহ সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন।

সভায় বিশেষ অতিথি ছিলেন লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা:মোহাম্মদ সোলায়মান আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিলা আক্তার, সমাজসেবা কর্মকর্তা তানবীর হাসান,পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবোজ বড়ুয়া এবং হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের স্পেশালিস্ট বাপ্রুমং মার্মা।

প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মেচাইছিং মার্মার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর জামিলা আক্তার ও হাজেরুং ত্রিপুরা, স্থানীয় সাংবাদিক, এনজিও প্রতিনিধি এবং প্রকল্পের উপকারভোগীরা অংশ নেন।

সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর আমিনুল ইসলাম।

তিনি জানান, ছয় মাস মেয়াদি এ প্রকল্পের আওতায় বান্দরবান জেলার সাতটি উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারি বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হবে। বিশেষ করে পুষ্টি, নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার পাশাপাশি পুষ্টিহীনতায় ভুগছে এমন শিশুদের পরিবারকে স্বাবলম্বী করে তুলতে প্রকল্পটি কাজ করবে।

আয়োজকরা জানান, পার্বত্য এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী মৌলিক সেবায় প্রবেশাধিকার বাড়ানো এবং স্বাস্থ্য ও পুষ্টি পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও উপকারভোগীরা প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।