প্রকাশ : ১২ আগস্ট ২০২৬
সময়: ১১:৩৬ এএম
শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের এডি পুলিশ হেফাজতে
পুলক রায়, শেরপুরঃ
শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীর সঙ্গে তাঁর সরকারি বাসভবন থেকে পুলিশ হেফাজতে নেওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১১ আগস্ট) গভীর রাতে শেরপুর পৌরসভার নবীনগর নয়াপাড়া এলাকায় পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় অবস্থিত সহকারী পরিচালকের বাসভবনে এ ঘটনা ঘটে। রাত আনুমানিক ২টার দিকে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাত ১০টার দিকে রুস্তম আলীর বাসভবনে এক অপরিচিত নারী প্রবেশ করেন। পরে দীর্ঘ সময় ওই নারীকে বাসভবনে অবস্থান করতে দেখে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। একপর্যায়ে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে যায় সদর থানা পুলিশ।
পুলিশ গিয়ে সহকারী পরিচালক রুস্তম আলী ও ওই নারীর সঙ্গে কথা বলে। তাদের পরিচয় ও সেখানে অবস্থানের বিষয়টি যাচাইয়ের পর দুজনকেই জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সহকারী পরিচালক ও ওই নারীকে তথ্য যাচাই এবং জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।