প্রকাশ : ১২ আগস্ট ২০২৬
সময়: ০১:১১ পিএম
বরিশাল আদালতে বিস্ফোরণ, আলামত সংগ্রহ
আবু জাফর বিশ্বাস, বরিশালঃ
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের কাছে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
ঘটনার পর আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। খবর পেয়ে পুলিশ, র্যাব ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে যান। তাঁরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
বরিশাল নগর পুলিশের কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ বলেন, বিকট শব্দে ‘পটকা’ ফোটার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ কমিশনার বলেন, আদালত ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সিআইডির বিশেষজ্ঞ দল ঘটনাস্থলের আলামত পরীক্ষা করছে।
ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বিস্ফোরণের শব্দে আদালত এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। ঘটনার কারণ জানতে পুলিশ ও সিআইডির তদন্ত চলছে।