প্রকাশ : ১২ আগস্ট ২০২৬
সময়: ০৯:২১ পিএম
লামায় শিশু হত্যা: ১১ মাস পর আসামি গ্রেফতার
লামা, (বান্দরবান) প্রতিনিধি :
বান্দরবানের লামায় শিশু আরাফাত হোসেন (৯)-কে বলাৎকারের পর শ্বাসরোধ করে হত্যার ঘটনায় ১১ মাস পর মো. আবদুল কুদ্দুছ (৩৯) নামে এক আসামিকে লক্ষ্মীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ২০২৫ সালের ৮ জুলাই লামা সদর ইউনিয়নের বৈক্ষমঝিরি এলাকায় শিশুটির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে এ ঘটনায় অপমৃত্যু মামলা হলেও ময়নাতদন্ত, ডিএনএ পরীক্ষা ও চিকিৎসকদের মতামতে শিশুটিকে বলাৎকারের পর শ্বাসরোধে হত্যার তথ্য পাওয়া যায়। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা করা হয়।
মামলার তদন্তে আসামি আবদুল কুদ্দুছের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তিনি আত্মগোপনে চলে যান। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৯ আগস্ট সন্ধ্যায় লক্ষ্মীপুরের কমলনগর থানার চর সামসুদ্দিন এলাকার রফিকগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। মঙ্গলবার (১১ আগস্ট) তাকে আদালতে সোপর্দ করা হলে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় জবানবন্দি দেন বলে পুলিশ জানিয়েছে।
লামা থানার ওসি মোহাম্মদ কাইছার হামিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।