ডারউইন টেস্ট: তানজিদের ঐতিহাসিক শতকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় লিড বাংলাদেশের
ডারউইন টেস্টের দ্বিতীয় দিন পুরোপুরি নিজেদের দখলে রেখেছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের দুর্দান্ত সেঞ্চুরি এবং নাজমুল হোসেন শান্তর দায়িত্বশীল ব্যাটিংয়ে শক্ত অবস্থানে পৌঁছে গেছে টাইগাররা।
শুক্রবার (১৪ আগস্ট) দিনের শুরুতে ব্যাট হাতে নামেন মুমিনুল হক ও তানজিদ হাসান। শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করেন দুজন। ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিয়ে শতরানের জুটি গড়েন তারা।
তবে ব্যক্তিগত অর্ধশতক থেকে মাত্র এক রান দূরে থাকতেই জশ হ্যাজেলউডের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন মুমিনুল। ৯৪ বলে ৪৯ রান করে সাজঘরে ফিরলেও দ্বিতীয় উইকেটে তানজিদের সঙ্গে ১০২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে যান তিনি।
এরপর ব্যাট হাতে আরও আগ্রাসী হয়ে ওঠেন তানজিদ। নাথান লায়নের এক ওভারে শতক পূর্ণ করে ইতিহাস গড়েন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে নিজের নাম লেখান এই ওপেনার।
তবে শতক পূরণের পর বেশিক্ষণ টিকতে পারেননি তানজিদ। ১৬৭ বলে ১০১ রানের অসাধারণ ইনিংস খেলে তিনি আউট হন। তার ইনিংসে ছিল আটটি চার ও একটি ছক্কা।
অন্যদিকে, নাজমুল হোসেন শান্তও খেলেন দারুণ একটি ইনিংস। ১৯৬ বলে ৮৪ রান করে তিনি আউট হন। তবে তৃতীয় সেশনে নতুন বল হাতে নিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে অস্ট্রেলিয়া। মাত্র ১১ রানের ব্যবধানে শান্ত, মুশফিকুর রহিম ও লিটন দাসকে ফিরিয়ে দেন অস্ট্রেলিয়ার বোলাররা।
একপর্যায়ে বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামার আশঙ্কা দেখা দিলেও সেই পরিস্থিতি সামাল দেন মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। দুজনের দৃঢ়তায় দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৩৫১ রান।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করার পর দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১৫৩ রান। মিরাজ ৩২ এবং হাসান মাহমুদ ১৩ রানে অপরাজিত রয়েছেন।