আদমজীনগর মাচেন্ট ওয়ার্কস কলেজে নতুন একাডেমিক ভবন, শিক্ষার্থীদের স্কুলবাসের আশ্বাস

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

সরকারি কলেজসমূহের বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জের আদমজীনগর মাচেন্ট ওয়ার্কস কলেজে নির্মিত ছয়তলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ভবনটির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব।

আদমজীনগর মাচেন্ট ওয়ার্কস কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ছোলাইমান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, অ্যাডভোকেট হাবিবুর রহমান মাসুদ, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোলেমান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, রাজা মিয়া, ফারুক হোসেন, জাহিদ হোসেন, আক্তার হোসেন, মোস্তফা, রাসেল, নাজমুল, আসাদুল সেলিমসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন ছয়তলা একাডেমিক ভবন চালুর ফলে কলেজের শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারিত হবে। পাশাপাশি শিক্ষার্থীরা আধুনিক ও মানসম্মত শিক্ষা গ্রহণের জন্য উন্নত পরিবেশ পাবে। বিশেষ করে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে উচ্চশিক্ষা ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গঠনে শিক্ষার্থীদের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের কলেজে যাতায়াতে নানা ধরনের অসুবিধার বিষয়টি তুলে ধরা হলে প্রধান অতিথি আজহারুল ইসলাম মান্নান কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে একটি স্কুলবাস দেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে কলেজের শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ারও আশ্বাস দেন তিনি।

বক্তারা আরও বলেন, শুধু অবকাঠামো নির্মাণ নয়, এর যথাযথ ব্যবহার নিশ্চিত করে শিক্ষার গুণগত মান বাড়াতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নতুন ভবনটি কলেজের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বিজ্ঞান শিক্ষার প্রসারে এটি একটি কার্যকর সংযোজন হিসেবে বিবেচিত হবে।
অনুষ্ঠান শেষে নবনির্মিত একাডেমিক ভবনের সাফল্য ও শিক্ষার্থীদের কল্যাণ কামনা করে দোয়া করা হয়।