প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬
সময়: ০৬:৪১ পিএম
লামায় আগষ্ট মাসের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লামা (বান্দরবান)প্রতিনিধি:
বান্দরবানের লামা উপজেলায় আগস্ট মাসের উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি মাদক, চুরি, অবৈধ বালু উত্তোলন, চাঁদাবাজি, বিভিন্ন অনিয়ম, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানের অবনতি, অবৈধ পাহাড় কাটা, পরিবেশ ধ্বংস, পর্যটকদের সঙ্গে দুর্ব্যবহার ও হয়রানি এবং অপ-সাংবাদিকতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
রোববার (১৭ আগস্ট) লামা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন।
সভায় বিশেষভাবে উপজেলার সরই ও ফাঁসিয়াখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় নদী-খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদী-খালের স্বাভাবিক পরিবেশ ও জনজীবনে বিরূপ প্রভাব পড়ছে বলে সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া উপজেলায় মাদক ও চুরি প্রতিরোধ, অনিয়ম ও চাঁদাবাজি বন্ধ, সাধারণ মানুষের হয়রানি ও জুলুম-নির্যাতন রোধে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও তৎপর হওয়ার বিষয়ে আলোচনা হয়।
সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানের অবনতির বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে আসে। শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
অন্যদিকে, অবৈধভাবে পাহাড় কাটার কারণে পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতির বিষয়েও আলোচনা হয়। পাহাড় কাটা বন্ধ এবং পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
লামায় আগত পর্যটকদের সঙ্গে খারাপ আচরণ, হয়রানি কিংবা কোনো ধরনের জুলুমের ঘটনা যাতে পর্যটন খাত ও উপজেলার ভাবমূর্তি ক্ষুণ্ন না করে, সে বিষয়েও সভায় আলোচনা হয়। পর্যটকদের নিরাপত্তা ও সুন্দর পরিবেশ নিশ্চিত করে লামার ইতিবাচক ভাবমূর্তি দেশব্যাপী তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় লামার সুনাম ও মান-সম্মান ক্ষুণ্ন করে এমন কর্মকাণ্ডের পাশাপাশি অপ-সাংবাদিকতা নিয়েও আলোচনা হয়। সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্য যাচাই, দায়িত্বশীলতা ও সাংবাদিকতার নীতিমালা অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা এলাকার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর বা ভিত্তিহীন তথ্য প্রচার না করার আহ্বান জানানো হয়।
সভায় বাংলাদেশ সেনাবাহিনীর গজালিয়া ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর মোঃ তারেক, লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার হামিদ, লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নাদিম, লামা উপজেলা বিএনপি নেতা ও সাবেক মেয়র আমির হোসেন, লামা উপজেলা এনসিপির আহ্বায়ক মোঃ নাজমুল হাসান, লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, উপজেলা তথ্য অফিসার রাসেদুল হাসান, লামা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহআলম, উপজেলা কৃষি কর্মকর্তা, লামা আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, লামারমুখ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আনসার-ভিডিপির প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় লামা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, পরিবেশ রক্ষা, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং উপজেলার সুনাম ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।