বোদায় এসএসসি-দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

মোঃ মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড় প্রতিনিধি : 

পঞ্চগড়ের বোদা উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ছয়জনকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে একটি ফুটবল দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে বোদা সদর ইউনিয়নের ডাবরভাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে হাসিমুখ ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বোদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোদা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম।
অনুষ্ঠানে বক্তব্য দেন ডাবরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মকছেদুল ইসলাম (আনিছুর) এবং নয়াদিঘী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক নজমুল হক সরকার, বোদা রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু সহ অনেকে।

এ সময় হাসিমুখ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান, সভাপতি মেহেদী হাসান নাজিম ও সাধারণ সম্পাদক নাজমুল হক মিঠুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা বলেন, শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল করতে উৎসাহিত করাই এ আয়োজনের উদ্দেশ্য। একই সঙ্গে তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।