প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬
সময়: ০৯:২৬ পিএম
সোনারগাঁয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রধান শিক্ষক বরখাস্ত
সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ৬৭ নম্বর ভবনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন অর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অসদাচরণের অভিযোগে নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম গত ৭ জুলাই এ বরখাস্তের আদেশ জারি করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ জুন দুপুরে প্রতিদিনের মতো কোচিং শেষে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল পঞ্চম শ্রেণির এক ছাত্রী। এ সময় ওই ছাত্রীকে ডেকে বিদ্যালয়ের ছাদে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত শিক্ষককে স্থানীয়রা আটক করেন।
পরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ স্থানীয় ১৭ জনের স্বাক্ষরসংবলিত একটি লিখিত অভিযোগ সোনারগাঁ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে দেওয়া হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার সত্যতা যাচাইয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটি সরেজমিনে তদন্ত শেষে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ার বিষয়টি উল্লেখ করা হলে উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে লিখিত প্রতিবেদন পাঠানো হয়।
এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম নিজে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের ৬৭ নম্বর ভবনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শন ও সংশ্লিষ্ট প্রতিবেদন পর্যালোচনার পর অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিয়ে গত ৭ জুলাই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন অর রশিদকে অসদাচরণের দায়ে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে বরখাস্তের আদেশের অনুলিপি সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের দাবি, কোমলমতি শিশুদের নিরাপদ পরিবেশে শিক্ষাদানের দায়িত্বে থাকা শিক্ষকদের কাছ থেকে অভিভাবকরা সর্বোচ্চ দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন। কোনো শিক্ষক যদি সেই আস্থার অপব্যবহার করেন, তাহলে শিশুদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দেয়।
অভিযোগের সুষ্ঠু তদন্তের পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।