বিয়ের অনুষ্ঠানে খাবারে ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জাপানপ্রবাসী বর করলেন নতুন বিয়ে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের অনুষ্ঠানে খাবারে আস্ত খাসি না পাওয়াকে কেন্দ্র করে বিয়ে না করে চলে যাওয়া আলোচিত জাপানপ্রবাসী যুবক জোনায়েদ মিয়া নতুন করে বিয়ে করেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নেয়ামতপুর গ্রামে কনের মামার বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।


নতুন কনে জান্নাত আক্তার আখাউড়া উপজেলার নূরপুর গ্রামের বাসিন্দা জাহের মিয়ার মেয়ে। তিনি স্থানীয় একটি মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, কনের মামা তাজু সরকারের বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। একই গ্রামের বাসিন্দা জোনায়েদ মিয়ার বাড়িও সেখানে। জোনায়েদের ছোট ভাই পারভেজ নতুন বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিয়েতে ৬ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করা হয়েছে।


এদিকে বিয়ের পর নিজের ফেসবুক আইডিতে স্ত্রীকে নিয়ে একটি ছবিও প্রকাশ করেছেন জোনায়েদ।

এর আগে মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রথম বিয়ের কনেপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন তিনি। জোনায়েদের দাবি, বিয়ের অনুষ্ঠানে খাওয়া-দাওয়ার পর কনেপক্ষ পূর্বনির্ধারিত কাবিনের তুলনায় ১০ গুণ বেশি অর্থ দাবি করে। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা রাজি না হওয়ায় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।


জোনায়েদের অভিযোগ, একপর্যায়ে তাঁদের বিয়ের আসর থেকে বের করে দেওয়া হয় এবং কনের জন্য নিয়ে যাওয়া লাগেজও ফেরত পাঠানো হয়। পাশাপাশি কনের সঙ্গে তাঁকে যোগাযোগ করতে দেওয়া হয়নি বলেও তিনি দাবি করেন।

ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, পরে কনেপক্ষ থেকে যোগাযোগ করে বিয়েতে রাজি হওয়ার অনুরোধ জানানো হলেও তিনি তাতে সম্মতি দেননি। এ সময় তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।


অন্যদিকে, স্থানীয় কয়েকজন বাসিন্দা জোনায়েদের অভিযোগের সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন। তবে তাঁর অভিযোগের বিষয়ে কনেপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

উল্লেখ্য, প্রথম বিয়ে ভেঙে যাওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সেই আলোচনার মধ্যেই নতুন করে বিয়ের পিঁড়িতে বসেন জাপানপ্রবাসী এই যুবক।