প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬
সময়: ০৯:০১ পিএম
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণে কাজ করা সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১৯ আগস্ট ২০২৬ তারিখে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক, গণমাধ্যমকর্মী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার সংরক্ষণ, মর্যাদা বৃদ্ধি এবং কল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন, এমপি, মাননীয় মন্ত্রী, সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সভাপতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন ড. শেখ ফরিদুল ইসলাম, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন, এমপি; শাহাদাত হোসেন সেলিম, এমপি এবং নজরুল ইসলাম আজাদ, এমপি।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, শুভেচ্ছা বক্তব্য, গুণীজন সম্মাননা ও পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীন ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন এবং মহাসচিব তালুকদার রুমী অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের সুরক্ষা, পেশাগত মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে ভবিষ্যতেও সংগঠনটি আরও কার্যকর ও মানবিক ভূমিকা পালন করবে।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।