প্রকাশ : ২১ আগস্ট ২০২৬
সময়: ১১:৪১ পিএম
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন বান্দরবানের সাচিং প্রু জেরী এমপি
খালেদ মোশাররফ হোসেন মাসুদ, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে আয়োজিত শপথ অনুষ্ঠানে তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নেন।
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। সাচিং প্রু জেরীর সঙ্গে এদিন আরও তিনজন মন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রী শপথ নেন।
সাচিং প্রু জেরী বান্দরবান-৩০০ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক। মন্ত্রিসভায় তাঁর অন্তর্ভুক্তির মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব এবার বান্দরবানের একজন নির্বাচিত জনপ্রতিনিধির হাতে এলো।
এর আগে শুক্রবার বিকেলে বিভিন্ন গণমাধ্যমে সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার খবর প্রকাশিত হয়। পরে সন্ধ্যায় বঙ্গভবনের আনুষ্ঠানিক শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিষয়টি কার্যকর হয়।
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা—বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি—নিয়ে গঠিত এই অঞ্চলের উন্নয়ন, স্থানীয় সরকার কাঠামো, পাহাড়ি জনগোষ্ঠীর বিভিন্ন বিষয় এবং পার্বত্য এলাকার সামগ্রিক উন্নয়ন ও সমন্বয়ের ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
সাচিং প্রু জেরীর মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণকে তাই বান্দরবানসহ পুরো পার্বত্য অঞ্চলের রাজনীতি ও প্রশাসনিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
নতুন দায়িত্বে সাচিং প্রু জেরী পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, শান্তি-সম্প্রীতি, পর্যটন, যোগাযোগব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসহ স্থানীয় মানুষের বিভিন্ন প্রত্যাশা পূরণে কী ধরনের উদ্যোগ নেন—সেদিকেই এখন নজর থাকবে বান্দরবানবাসীর।