প্রকাশ : ২১ আগস্ট ২০২৬
সময়: ১১:৫০ পিএম
হাউসবোট থেকে পড়ে ১০ বছরের শিশু নিখোঁজ
বাবুল মিয়া প্রতিনিধি তাহিরপুর( সুনামগঞ্জ):
সুনামগঞ্জের যাদুকাটা নদী ভ্রমণে যাওয়ার পথে বৌলাই নদীতে হাউসবোট থেকে পড়ে রুকাইয়া নুর (১০) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেল আড়াইটার সময় দক্ষিণকুল গোদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ রুকাইয়া নুর ফরিদপুরের কোতোয়ালি থানার গল চামোট ২ নম্বর সড়ক এলাকার ডা. শাহনুর রহমানের মেয়ে।
জানা যায়, রুকাইয়া নুরসহ প্রায় ২০ জন পর্যটক সাফিনা এ লাক্সারী ওয়াটার ভিলা হাউসবোটে করে মধ্যনগর থেকে যাদুকাটার উদ্দেশ্যে রওনা দেন। পথে দক্ষিণকুল গোদারাঘাট এলাকায় বৌলাই নদীতে চলন্ত হাউসবোট থেকে হঠাৎ নদীতে পড়ে যায় রুকাইয়া নুর। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
বোটে থাকা পর্যটক সাজ্জাদ হোসেন সিয়াম জানান, মধ্যনগর থেকে হাউসবোটটি যাদুকাটার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে বিকেল আনুমানিক ৩টার দিকে শিশুটি নদীতে পড়ে যায়। এরপর বোটে থাকা লোকজন বিভিন্নভাবে তাকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।
খবর পেয়ে বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। নদীতে নৌযান ও বিভিন্ন সরঞ্জাম নিয়ে নিখোঁজ শিশুটির সন্ধানে অভিযান চালানো হচ্ছে।
তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, দুপুর আড়াইটার দিকে শিশুটি নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার অভিযান শুরু করেছেন। শিশুটিকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে।