প্রকাশ : ২২ আগস্ট ২০২৬
সময়: ১১:৩২ এএম
মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গজারিয়া হাইওয়ে থানা পুলিশ
শাকিল প্রধান- :
“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এই স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের গজারিয়ায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
গজারিয়া থানা পুলিশ ও গজারিয়া হাইওয়ে থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনালে গজারিয়া থানা পুলিশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গজারিয়া হাইওয়ে থানা পুলিশ।
শুক্রবার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি/ভিটিকান্দি খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে গজারিয়া হাইওয়ে থানা পুলিশ একটি গোল করে জয় নিশ্চিত করে।
খেলায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান, গজারিয়া থানার অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেন, গজারিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আয়োজকরা জানান, গত এক মাস ধরে গজারিয়ার বিভিন্ন প্রান্তিক এলাকায় উভয় থানার উদ্যোগে মাদকবিরোধী ফুটবল ম্যাচ আয়োজন করা হচ্ছে। এর মূল উদ্দেশ্য হলো গ্রামগঞ্জের স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থী ও যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের মাদক থেকে দূরে রাখা।
এ সময় মাদকমুক্ত সমাজ গঠনে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।