প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬
সময়: ১২:৩০ পিএম
নওগাঁর সাপাহারে অনুমতি ছাড়াই ইটভাটা নির্মাণ, অভিযানে ১ লাখ টাকা জরিমানা
মাসুদ রানা , নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে যথাযথ কাগজপত্র ছাড়াই নির্মাণাধীন একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর।
রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কলমুডাঙ্গা এলাকায় পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. রাশেদের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে যথাযথ কাগজপত্র ছাড়াই নির্মাণাধীন মেসার্স স্টার ব্রিকস্-এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। পরে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হলে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়া পর্যন্ত ইটভাটার নির্মাণকাজ বন্ধ রাখার জন্য কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল ব্যাটালিয়ন আনসার, নওগাঁর একটি দল।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।