গ্যাস-বিদ্যুৎ-সার সংকট নিরসনে ১১ দলের লংমার্চ ৫ সেপ্টেম্বর, যানজটের জন্য আগাম দুঃখ প্রকাশ

গণভোটের গণরায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারের সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য। কর্মসূচিকে ঘিরে রাজধানীসহ বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি হতে পারে উল্লেখ করে সাধারণ মানুষের কাছে আগাম দুঃখ প্রকাশ করেছে জোটটি।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে রাজধানীর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনগণের দুর্ভোগের যেমন শেষ নেই, তেমনি দাবিরও শেষ নেই। তবে বর্তমান পরিস্থিতিতে ছয়টি প্রধান দাবিকে সামনে রেখে এই লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এসব দাবির মধ্যে প্রথম ও অন্যতম দাবি হলো গণভোটের গণরায় বাস্তবায়ন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা ছয়টি প্রধান দাবিকে এই লংমার্চের ডিমান্ড হিসেবে পোস্টার, লিফলেট ও প্রচারণায় স্থান দিয়েছি। দাবির তো কোনো শেষ নেই, জনগণের দুর্ভোগেরও শেষ নেই। আমাদের প্রথম দাবি হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন।’

তিনি জানান, আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা সমবেত হবেন। সেখান থেকে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চ শুরু হবে। পথে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশ করারও পরিকল্পনা রয়েছে। কর্মসূচিতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।

ছয় দফা দাবিতে কর্মসূচি

১১ দলীয় ঐক্যের ঘোষিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান এবং সারের সংকট নিরসন। এর পাশাপাশি জনগণের বিভিন্ন সমস্যা ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোও দাবির মধ্যে রাখা হয়েছে।

জোট নেতাদের দাবি, দেশের বিভিন্ন এলাকায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে সংকটের কারণে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা দুর্ভোগে পড়ছেন। কৃষি খাতেও সারের সংকট কৃষকদের জন্য বড় সমস্যা তৈরি করছে। এসব সংকট দ্রুত সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ দাবি করছে ১১ দলীয় ঐক্য।

শান্তিপূর্ণ কর্মসূচির প্রত্যাশা

লংমার্চকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে বলে জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার। কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি বলেন, লংমার্চের কারণে রাজধানীসহ পথে বিভিন্ন স্থানে যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটতে পারে। এ কারণে সাধারণ মানুষের সাময়িক দুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করেন তিনি।

একই সঙ্গে কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ক্ষমতাসীন দল বিএনপির সহযোগিতাও কামনা করেন জামায়াতে ইসলামীর এই নেতা।

আয়োজকদের প্রত্যাশা, ৫ সেপ্টেম্বরের এই লংমার্চে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন। কর্মসূচির মাধ্যমে ছয় দফা দাবি সরকারের কাছে আরও জোরালোভাবে তুলে ধরতে চায় জোটটি।