প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬
সময়: ০৫:১১ পিএম
মালয়েশিয়ায় কর্মসংস্থানে ২৫ জনের সিন্ডিকেট: সারজিস আলম
মালয়েশিয়ায় কর্মসংস্থানের নামে আবারও ২৫ জনের একটি সিন্ডিকেট তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম। এ সিন্ডিকেটের সঙ্গে সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের যোগসাজশ রয়েছে বলেও দাবি করেছেন তিনি।
সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সারজিস আলম।
তিনি বলেন, বিদেশে কর্মসংস্থানের সুযোগকে কেন্দ্র করে অতীতে বিভিন্ন ধরনের অনিয়ম ও সিন্ডিকেটের অভিযোগ উঠেছে। এবারও মালয়েশিয়ায় কর্মসংস্থানের নামে ২৫ জনের একটি সিন্ডিকেট তৈরি করা হয়েছে। এর সঙ্গে সরকারের উচ্চপর্যায়ের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নিয়েও ক্ষোভ প্রকাশ করেন সারজিস আলম। তিনি বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রাপ্ত বেতন দিয়ে ১৫ দিন চলাও কঠিন হয়ে পড়েছে। অথচ নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে টালবাহানা করা হচ্ছে। আগামী মাস থেকেই নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবি জানান তিনি।
চট্টগ্রামের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন এনসিপির এই নেতা। বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত হলেও চট্টগ্রামের স্বাস্থ্য খাত ও সড়কব্যবস্থার বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। আগামী স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি প্রতিটি আসনে একক প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে বলেও জানান সারজিস আলম।
সরকারের বিরুদ্ধে ক্ষোভ
সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার অভিযোগ করেন, নির্বাচনের আগে সরকার নানা সংকট সমাধানের প্রতিশ্রুতি দিলেও দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। সরকার দেড় কোটি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিলেও এর বিপরীতে দেশে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, জনগণের স্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ হলে রাজপথে কঠোর কর্মসূচির মুখে পড়তে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, জাতীয় যুব শক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল এবং জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদারসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।