চ্যাম্পিয়নস লিগের ড্র আজ, ৩৬ দল চূড়ান্ত

ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০২৬-২৭ মৌসুমের লিগ পর্বের ড্র অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট)। মোনাকোর গ্রিমালদি ফোরামে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ড্র অনুষ্ঠান।

আগের দুই মৌসুমের মতো এবারও থাকছে না আলাদা কোনো গ্রুপ পর্ব। ৩৬টি দলকে নিয়ে হবে একক লিগ পর্ব। প্রতিটি দল খেলবে আটটি ভিন্ন দলের বিপক্ষে। এর মধ্যে চারটি ম্যাচ নিজেদের মাঠে এবং চারটি প্রতিপক্ষের মাঠে খেলতে হবে।

উয়েফার ক্লাবগুলোর পারফরম্যান্সভিত্তিক র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে ৩৬টি দলকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। ড্রয়ের সময় প্রথমে একটি দলের নাম তোলা হবে। এরপর বিশেষ কম্পিউটার ব্যবস্থার মাধ্যমে ওই দলের আট প্রতিপক্ষ নির্ধারণ করা হবে।

ইংল্যান্ড থেকে এবার চ্যাম্পিয়নস লিগে খেলবে লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও অ্যাস্টন ভিলা। স্পেনের পাঁচ প্রতিনিধি বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ, ভিয়ারিয়াল ও রিয়াল বেতিস।

ইতালি থেকে নাপোলি, ইন্টার মিলান, কোমো ও রোমা; জার্মানি থেকে বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, লাইপজিগ ও স্টুটগার্ট; ফ্রান্স থেকে পিএসজি, লাঁস ও লিল খেলবে এবারের আসরে।

নেদারল্যান্ডসের পিএসভি আইন্দহফেন ও ফেয়েনুর্ড, নরওয়ের বোদো/গ্লিমট ও ভাইকিং, পর্তুগালের স্পোর্তিং লিসবন ও পোর্তো এবং তুরস্কের গালাতাসারাই ও ফেনেরবাচেও রয়েছে ৩৬ দলের তালিকায়।

এ ছাড়া বেলজিয়ামের ক্লাব ব্রুগা, অস্ট্রিয়ার এলএএসকে, চেক প্রজাতন্ত্রের স্লাভিয়া প্রাগ, গ্রিসের এইকে এথেন্স, স্লোভাকিয়ার স্লোভান ব্রাতিস্লাভা, আজারবাইজানের সাবাহ ও ইউক্রেনের শাখতার দোনেৎস্ক লিগ পর্বে জায়গা করে নিয়েছে।

লিগ পর্বের ম্যাচ শুরু হবে আগামী ৮ সেপ্টেম্বর। আট ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নেবে। নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো খেলবে নকআউট পর্বের বাছাই ম্যাচ। আর ২৫ থেকে ৩৬ নম্বরে থাকা দলগুলো প্রতিযোগিতা থেকে বিদায় নেবে।

এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ৫ জুন। স্পেনের মাদ্রিদের মেট্রোপলিতানো স্টেডিয়ামে হবে ইউরোপসেরার মুকুট জয়ের সেই মহারণ।