একটি সংঘর্ষ, মুহূর্তেই থেমে গেল দুটি প্রাণ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। দুর্ঘটনায় স্বজন হারানোর শোকে নেমে এসেছে বিষাদের ছায়া।
শনিবার ২৪ অক্টোবর সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বেড়তলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কাজীপাড়া এলাকার আবু বক্করের ছেলে সৌরভ (৩২) এবং রংপুর সদর উপজেলার হরকলি চৌরাপাড়া এলাকার মুমিনুল ইসলামের ছেলে আছিম (১৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, রংপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি সিলেটের দিকে যাচ্ছিল। পথে বেড়তলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়ক বিভাজকের ওপর উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নেওয়া হয়। জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই যাত্রীর মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম দুর্ঘটনায় দুজন নিহত ও ১২ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশের দল কাজ করছে।