সোনারগাঁয়ে অপরাধ দমনে কঠোর অবস্থানের ঘোষণা নবাগত ওসির

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক মাদক, চুরি-ডাকাতি, দাঙ্গা-হাঙ্গামাসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে সাধারণ মানুষের নির্বিঘ্নে পুলিশি সেবা নিশ্চিত করতে থানাকে সম্পূর্ণ দালালমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সোনারগাঁ থানার হলরুমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নবাগত ওসি মুহাম্মদ আব্দুল বারিক সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ সমাজকে সচেতন করে এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুলিশ ও সাংবাদিক একসঙ্গে কাজ করলে সমাজ থেকে অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।”

তিনি বলেন, মাদক দেশের যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক, চুরি, ডাকাতি, দাঙ্গা-হাঙ্গামা ও কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে সোনারগাঁ থানা জিরো টলারেন্স নীতিতে কাজ করবে। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

থানাকে দালালমুক্ত করার বিষয়ে ওসি বলেন, সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই থানায় এসে প্রয়োজনীয় সেবা পায়, তা নিশ্চিত করা হবে। থানায় কোনো দালালচক্রের স্থান নেই। জনগণের আস্থা অর্জনে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে পুলিশ কাজ করবে।

মতবিনিময় সভায় সাংবাদিকরা সোনারগাঁ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল, যানজট নিরসন এবং জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। নবাগত ওসি সাংবাদিকদের পরামর্শ গুরুত্বের সঙ্গে গ্রহণ করে জনগণের সেবায় আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আশ্বাস দেন।

এ সময় সোনারগাঁ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সোনারগাঁ থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।