উত্তর কোরিয়ার হুমকির মধ্যে যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে মহড়া দক্ষিণ কোরিয়ার

উত্তর কোরিয়াকে ঘিরে সামরিক উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে জেজু দ্বীপের পূর্ব ও দক্ষিণে আন্তর্জাতিক জলসীমায় তিন দেশের অংশগ্রহণে ‘ফ্রিডম এজ’ মহড়া অনুষ্ঠিত হবে।


দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ শুক্রবার (২৮ আগস্ট) জানিয়েছে, ৭ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ মহড়া চলবে। উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকি মোকাবিলা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যেই প্রতিবছর এ প্রতিরক্ষামূলক মহড়ার আয়োজন করা হয়।


মহড়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, আকাশ প্রতিরক্ষা, সাবমেরিনবিরোধী অভিযান ও সাইবার প্রতিরক্ষাসহ বিভিন্ন ধরনের সামরিক অনুশীলন থাকতে পারে। ২০২৩ সালে ক্যাম্প ডেভিড সম্মেলনে তিন দেশের নেতাদের মধ্যে সমঝোতার পর ২০২৪ সালের জুনে প্রথমবারের মতো ‘ফ্রিডম এজ’ মহড়া অনুষ্ঠিত হয়।


দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, মার্কিন প্যাসিফিক কমান্ডের মুখপাত্র লেফটেন্যান্ট কমান্ডার ক্লোয়ি মরগান বলেছেন, এ ধরনের বহুমাত্রিক মহড়া তিন দেশের অভিন্ন মূল্যবোধকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে পারস্পরিক সমন্বয় ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতেও এটি ভূমিকা রাখবে।


তবে যৌথ সামরিক মহড়ার এ ঘোষণার মধ্যেই যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার নিয়মিত সামরিক মহড়ার পরিধি কমানো হয়েছে। চলতি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘উলচি ফ্রিডম শিল্ড’ মহড়ার মেয়াদ ১১ দিন থেকে কমিয়ে পাঁচ দিন করার নির্দেশ দেন।


ওয়াশিংটন উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ পুনরায় শুরুর চেষ্টা চালালেও পিয়ংইয়ং এখনো এতে সাড়া দেয়নি। বরং উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রাখার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার সমালোচনা করে আসছে।

এদিকে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্র দুই বছর পরপর অনুষ্ঠিত আরেকটি যৌথ সামরিক মহড়া ‘সাংইয়ং’ বাতিল করেছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে মার্কিন সেনাদের মোতায়েন সক্ষমতার ওপর চাপ তৈরি হওয়ায় মহড়াটি বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে।