জানুয়ারিতে বাংলাদেশ সফরের সম্ভাবনা ভারতের
বাংলাদেশ ও ভারতের মধ্যকার স্থগিত দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে। সেপ্টেম্বরে নির্ধারিত সিরিজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আগামী বছরের শুরুর দিকে সফরের নতুন সময় খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিসিআইয়ের একটি সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, জানুয়ারিতে বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো দুই দেশের সরকারের মধ্যে আলোচনা চলছে।
বিসিসিআইয়ের ওই সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনো চলছে। অন্যদিকে বিসিবি আগামী বছরের শুরুর দিকে একটি উপযুক্ত সময় খুঁজছে।’
২০২৫ সালের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। পরে সফরটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। চলতি বছরের জানুয়ারিতে বিসিবি জানিয়েছিল, ঢাকা ও চট্টগ্রামে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। তবে এ সফর নিয়ে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ভারত সিরিজ নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি বলেন, ‘ভারত সিরিজ নিয়ে আলোচনা হচ্ছে। দুই বোর্ড আলোচনা করছে। তারিখ এদিক-সেদিক হতে পারে।’
২০২২ সালে সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল ভারতীয় ক্রিকেট দল। এরপর বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশের মাটিতে ভারতের নির্ধারিত সিরিজটি পিছিয়ে দেওয়া হয়।
চলতি বছরের শুরুর দিকে বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। পরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতেও ভারতে যায়নি বাংলাদেশ।
তবে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে নতুন সরকার গঠনের পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়। বিসিবি ও বিসিসিআইয়ের আলোচনার ভিত্তিতে সেপ্টেম্বরে সিরিজ আয়োজনের সম্ভাবনাও দেখা দিয়েছিল। বিসিবিও এ বিষয়ে ইতিবাচক অবস্থান জানিয়েছিল। তবে এখন আবারও সিরিজের সময়সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।