শাসক নয়, অসহায় মানুষের সেবক হতে চান চেয়ারম্যান প্রার্থী মাসুম রানা

এস এম মিঠু,সোনারগাঁ প্রতিনিধি:

পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুম রানা বলেছেন, “আমি কোনো মানবতার ফেরিওয়ালা টাইটেল চাই না। মানুষের পাশে দাঁড়িয়ে বাহবা কিংবা প্রচারও চাই না। আমি চাই অসহায়, গরীব দুঃখী মানুষের প্রকৃত সেবক হতে।”

তিনি বলেন, জনপ্রতিনিধিত্ব মানুষের ওপর কর্তৃত্ব করার কোনো সুযোগ নয়; বরং এটি মানুষের সেবা করার একটি বড় দায়িত্ব। সমাজের পিছিয়ে পড়া, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করতে এবং তাদের সুখ-দুঃখের সঙ্গী হয়ে পাশে থাকাই তার রাজনীতির মূল লক্ষ্য।

মাসুম রানা বলেন, “জনগণের ভালোবাসা ও বিশ্বাসের চেয়ে বড় কোনো পদ বা সম্মান নেই। নির্বাচিত হই বা না হই, মানুষের পাশে থাকার অঙ্গীকার থেকে আমি কখনো সরে যাব না। মানুষের জন্য কাজ করাই আমার সবচেয়ে বড় পরিচয়।”

তিনি আরও বলেন, পিরোজপুর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে হলে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং একটি মানবিক সমাজ প্রতিষ্ঠাই তার অন্যতম অঙ্গীকার।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি পিরোজপুর ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি বলেন, প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতিদান দিতে চান তিনি।