আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে লাগাম টানছে ট্রাম্প প্রশাসন
যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের কারিকুলার প্র্যাকটিক্যাল ট্রেনিং (সিপিটি) বা ইন্টার্নশিপ অনুমোদনের ক্ষেত্রে কঠোর অবস্থান নেওয়ার উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোকে একটি বিশেষ মেমো পাঠানো হয়েছে। নির্দেশনা ও সংশ্লিষ্ট বিধিবিধান যথাযথভাবে অনুসরণে ব্যর্থ হলে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির অনুমোদন বা সরকারি সার্টিফিকেশন হারাতে হতে পারে বলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ আগস্ট যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির আওতাধীন ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) পরিচালিত স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম (এসইভিপি) থেকে মেমোটি জারি করা হয়। এতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সিপিটি অনুমোদনের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
মেমোতে আরও বলা হয়, বিদ্যমান নিয়ম অনুযায়ী সিপিটি মূলত পাঠ্যক্রমের অপরিহার্য ও বাধ্যতামূলক অংশ হিসেবে অনুমোদনযোগ্য। এই নিয়মের বাইরে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাজের সুযোগ দেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে সতর্ক থাকতে হবে।
বিশ্ববিদ্যালয়গুলোর উদ্দেশে মেমোতে বলা হয়েছে, এসইভিপির নির্ধারিত বিধিবিধান পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির জন্য প্রয়োজনীয় সরকারি সার্টিফিকেশন হারাতে পারে।
নতুন নির্দেশনার পর যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় (ইউসিএলএ) এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলেসহ একাধিক প্রতিষ্ঠান আন্তর্জাতিক শিক্ষার্থীদের নির্দিষ্ট কিছু কাজের অনুমোদনের আবেদন সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
ইউসিএলএর এক মুখপাত্র জানান, সরকারি মেমোটি পর্যালোচনা এবং প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ নির্ধারণ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্দিষ্ট কিছু কারিকুলার প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের অনুমোদন স্থগিত রেখেছে।
অন্যদিকে, বার্কলের আন্তর্জাতিক দপ্তর শিক্ষার্থীদের আগাম পরিকল্পনা করার পরামর্শ দিয়েছে। দপ্তরটি জানিয়েছে, অদূর ভবিষ্যতে নির্দিষ্ট কিছু কাজের জন্য সিপিটি অনুমোদন সীমিত করা হতে পারে। তবে ডিগ্রি অর্জনের জন্য বাধ্যতামূলক সিপিটি এবং ডক্টরাল ডিসারটেশন ও মাস্টার্স থিসিস গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট সিপিটি অনুমোদন আগের মতোই স্বাভাবিক প্রক্রিয়ায় চালু থাকবে।
এদিকে আইসিইর মূল অভিভাবক সংস্থা ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এক বিবৃতিতে জানিয়েছে, এ বিষয়ে বিদ্যমান নিয়মে নতুন কোনো পরিবর্তন আনা হয়নি। তবে বিশ্ববিদ্যালয় ও নিয়োগকর্তাদের সতর্ক করে সংস্থাটি বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের অধীনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাজের অনুমোদনসংক্রান্ত ব্যবস্থার কোনো অপব্যবহার সহ্য করা হবে না।