রয়েল রিসোর্টে আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল’—সোনারগাঁয়ে মামুনুল হক

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

২০২১ সালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার রয়েল রিসোর্টে ঘটে যাওয়া ঘটনাকে তাঁকে হত্যার পরিকল্পিত ‘নীলনকশা’ হিসেবে দাবি করেছেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
শনিবার (২৯ আগস্ট) সকালে সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামের হলরুমে বাংলাদেশ খেলাফতে মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
২০২১ সালের রয়েল রিসোর্টের ঘটনায় জেল-জুলুম ও হয়রানির শিকার ব্যক্তিদের সম্মান জানানো, ওই সময়ের ঘটনাকে কেন্দ্র করে সাহসী ভূমিকা রাখা জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং শহীদ মাওলানা ইকবাল (রহ.)-এর স্মরণে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ খেলাফতে মজলিসের সভাপতি মাওলানা ওবায়দুল কাদের নদভী কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে আল্লামা মামুনুল হক বলেন, “স্বৈরাচার আওয়ামী সরকার ২০২১ সালে রয়েল রিসোর্টে আমাকে পরিকল্পিতভাবে হত্যা করার যে নীলনকশা করেছিল, সেই নীলনকশায় তারা নিজেরাই ফেঁসে যায়। তৌহিদী জনতার তোপের মুখে পড়ে তারা বাঁচার জন্য আকুতি-মিনতি করে।”
তিনি আরও বলেন, ওই ঘটনার পর তৌহিদী জনতার কণ্ঠরোধ করতে তৎকালীন সরকার মিথ্যা মামলার পথ বেছে নিয়েছিল বলে তাঁর অভিযোগ। মামুনুল হকের দাবি, রয়েল রিসোর্টের ঘটনাসহ হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলা বর্তমান সরকার প্রত্যাহার করেছে।

মাওলানা ইকবাল হোসেনের প্রসঙ্গ তুলে মামুনুল হক বলেন, রয়েল রিসোর্টের ঘটনার পর দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার ও কারাবরণ করতে হয়েছিল। তিনি অভিযোগ করেন, কারাবন্দি অবস্থায় নির্যাতনের শিকার হয়ে মাওলানা ইকবাল হোসেন মারা যান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফতে মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ উল্লাহ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ এবং হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মহিউদ্দিন খান।

এ ছাড়া বাংলাদেশ খেলাফতে মজলিস ও হেফাজতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং জেল-জুলুম ও হয়রানির শিকার ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভা শেষে শহীদ মাওলানা ইকবাল (রহ.)-সহ নিহতদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।