প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬
সময়: ০১:১০ পিএম
কুলিয়ারচরে এসএসসিতে সেরা ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজকে প্রতিমন্ত্রীর সংবর্ধনা
মোঃ মাইন উদ্দিন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
চলতি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ অর্জন করে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় শীর্ষ স্থান অর্জন করায় ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
শনিবার (২৯ আগস্ট) কুলিয়ারচরে সরকারি সফরের অংশ হিসেবে প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন, নতুন স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সামাজিক সহায়তা প্রদান কর্মসূচিতে অংশ নেন।
বিকেল ৫টার দিকে কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এসএসসি ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আবদুল মালেকের হাতে প্রতিষ্ঠানের সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় কৃতি শিক্ষার্থীদের হাতেও ক্রেস্ট ও বিভিন্ন প্রজাতির চারাগাছ তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ শাহজাহান সিরাজ।
অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কিতাব আলী মাস্টার, সাধারণ সম্পাদক এম. এ. হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদাৎ হোসেন শাহ আলম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুকুল ইসলাম ফারুক ও মো. রফিকুল ইসলাম আলী এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ কামরুল ইসলাম মুছাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রশাসনিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোঃ শাহাদত হোসেন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার, কুলিয়ারচর সরকারি কলেজের অধ্যক্ষ মোবাব্বির হোসেন, কুলিয়ারচর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ ফজলুল হক, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. জিন্নাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানাসহ অন্যরা।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আগে প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম কুলিয়ারচরে একগুচ্ছ উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেন।
বিকেল ৪টার দিকে কুলিয়ারচর পৌরসভার উদ্যোগে পৌরসভা কার্যালয়ে কুলিয়ারচর বাজার ও বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
এরপর তিনি কুলিয়ারচর মৎস্যবাজার জামে মসজিদ এবং বেগম নূরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় বেগম নূরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমান বিদ্যালয়টি সরকারিকরণের দাবি জানান।
পরে বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার ও শ্রবণ সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম এমপি।
দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, জননিরাপত্তা ও সামাজিক সহায়তা কার্যক্রমে অংশ নেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী।