ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু, গ্রেপ্তার ২
রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাতে মো. পনি ওরফে প্যারা পনি ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এ সময় পনির ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
রোববার বিকেল ৪টায় মোহাম্মদপুরের বসিলায় র্যাব-২-এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র্যাব।
নিহত রনজিনা পারভীন রুলি (৫৫) বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। শনিবার হাসপাতালে যাওয়ার পথে রাজধানীর সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে তিনি মারা যান।
নিহতের স্বামী আব্দুল মতিন জানান, গত শুক্রবার রাতে বগুড়া থেকে তাঁরা ঢাকায় আসেন। শনিবার ভোরে গাবতলী বাস টার্মিনালে নেমে রিকশায় করে ফার্মগেটের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে চোখের চিকিৎসার জন্য যাচ্ছিলেন তাঁরা।
পথে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে একটি মোটরসাইকেলে করে কয়েকজন ছিনতাইকারী রিকশার পেছন থেকে রনজিনা পারভীনের ব্যাগ ধরে টান দেয়। এতে তিনি রিকশা থেকে সড়কে পড়ে যান। এ সময় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে এবং মাথা ফেটে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত শিক্ষিকার স্বামী বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলার তদন্তের পাশাপাশি ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।