শিশু আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি মো. হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।
সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ৬ মার্চ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে আছিয়া তার বোনের শ্বশুর মো. হিটু শেখের ধর্ষণ ও নির্মম নির্যাতনের শিকার হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মাগুরা ও ফরিদপুরের হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেখান থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ আছিয়ার মৃত্যু হয়।
ঘটনার পর হিটু শেখকে গ্রেপ্তার করা হয় এবং তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়। তদন্ত শেষে ১৩ এপ্রিল ২০২৫ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
এরপর ১৭ মে ২০২৫ মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম. জাহিদ হাসান হিটু শেখকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়।
পরে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী নিম্ন আদালত থেকে পাঠানো ডেথ রেফারেন্স এবং হিটু শেখের করা আপিলের শুনানি হয় হাইকোর্টে। শুনানি শেষে আজ হাইকোর্ট তার মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখেন।