নেপাল-তিব্বতে পাহাড়ি ঢলে প্রাণহানি ছাড়াল ১ হাজার নিখোঁজ প্রায় সাড়ে ৪ হাজার
নিখোঁজ প্রায় সাড়ে ৪ হাজার
নেপাল ও তিব্বতে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। এখনো ৪ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে দুর্গত এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।
মঙ্গলবার সকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানা গেছে। ধ্বংসস্তূপ ও দুর্গম এলাকায় উদ্ধারকাজের পাশাপাশি নিখোঁজদের সন্ধান এবং নিহতদের পরিচয় শনাক্তের কাজও চলছে।
ভয়াবহ এই দুর্যোগের মধ্যেও মানুষের বেঁচে ফেরার ঘটনা সামনে আসছে। পাঁচ বছর বয়সী মানিশা মাগার বন্যার পানিতে ভেসে যাওয়ার পর তাকে মৃত বলে ধরে নেওয়া হয়েছিল। পরে তার বাবা-মা মেয়েটিকে উদ্ধারের একটি ভিডিও দেখতে পান।
এদিকে নেপালের প্রথম নারী হেলিকপ্টার পাইলট প্রিয়া অধিকারী এক সপ্তাহেরও কম সময়ে প্রায় ১০০টি উদ্ধার অভিযান পরিচালনা করেছেন। দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকা থেকে জীবিতদের উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি।
উদ্ধারকারী দলগুলো এখনো ধ্বংসস্তূপ ও দুর্গম এলাকায় নিখোঁজদের সন্ধান চালিয়ে যাচ্ছে। ভয়াবহ এই দুর্যোগে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।