প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬
সময়: ০৫:০৪ পিএম
মুলাদীতে যৌথ অভিযানে ৮০০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২
আবু জাফর বিশ্বাস, বরিশালঃ
বরিশালের মুলাদীতে ৮০০ ইয়াবা বড়িসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মুলাদী থানা-পুলিশ। সোমবার বিকেল চারটার দিকে মুলাদী পৌরসভার সিনেমা হল মার্কেট এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুলাদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তেরচর (রানার বাড়ি) এলাকার বাবুল রাড়ীর ছেলে পারভেজ রাড়ী (৩৩) এবং ৪ নম্বর ওয়ার্ডের মোল্লার বাজার এলাকার শহীদ খানের ছেলে আজিজুল হাকিম (২৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বরিশাল জেলা কার্যালয়ের সার্কেল ‘ক’-এর পরিদর্শক মো. জাহিদুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দীনের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল সোমবার বিকেলে সিনেমা হল মার্কেট এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে পারভেজ রাড়ী ও আজিজুল হাকিমকে তল্লাশি করা হলে তাঁদের কাছ থেকে ৮০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।