আইফোন ১৮ প্রো আসছে বাজারে সামনে এলো প্রি-অর্ডারের তারিখ
অ্যাপলের নতুন আইফোন ১৮ প্রো সিরিজ আগামী ৯ সেপ্টেম্বর উন্মোচন হতে পারে। নতুন এই সিরিজের প্রি-অর্ডার শুরু হতে পারে ১২ সেপ্টেম্বর। তবে অ্যাপলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তারিখ ঘোষণা করা হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, ৯ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ১০টায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে পারে অ্যাপল। বাংলাদেশ সময় অনুযায়ী অনুষ্ঠানটি শুরু হবে রাত ১১টায়। এতে আইফোন ১৮ প্রো, আইফোন ১৮ প্রো ম্যাক্স এবং অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন উন্মোচনের সম্ভাবনা রয়েছে। নতুন অ্যাপল ওয়াচ মডেলও আসতে পারে।
আইফোন ১৮ প্রো সিরিজের প্রি-অর্ডার ১২ সেপ্টেম্বর প্রশান্ত মহাসাগরীয় সময় রাত ১২টা থেকে শুরু হতে পারে। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় অনুযায়ী এটি ভোর ৩টা এবং যুক্তরাজ্যে সকাল ৮টা।
সাধারণত নতুন আইফোন উন্মোচনের পরের শুক্রবার প্রি-অর্ডার শুরু করে অ্যাপল। এবার ১২ সেপ্টেম্বর শনিবার হওয়ায় এটি প্রতিষ্ঠানটির প্রচলিত সময়সূচি থেকে ভিন্ন হবে। এর পেছনে ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ২০০১ সালের সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীর বিষয়টি বিবেচনায় নেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্সের বিক্রি ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে। অ্যাপলের খুচরা দোকানগুলোতে স্থানীয় সময় সকাল ৮টা থেকে নতুন আইফোন বিক্রি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
নতুন আইফোনের রিভিউ ১৫ বা ১৬ সেপ্টেম্বর প্রকাশ হতে পারে বলেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
এদিকে অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা। আইফোন ১৮ প্রো সিরিজের সঙ্গে একই সময়ে এর বিক্রি শুরু হতে পারে বলে কিছু প্রতিবেদনে বলা হলেও, অন্যদের দাবি—ফোল্ডেবল আইফোনের প্রি-অর্ডার সেপ্টেম্বরের আরও পরে শুরু হতে পারে।
আইফোন ১৮ প্রো সিরিজের সঙ্গে নতুন অপারেটিং সিস্টেম আইওএস ২৭ উন্মোচনেরও কথা রয়েছে। সম্ভাব্য সূচি অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর এটি উন্মুক্ত হতে পারে। তবে এ তারিখও এখনো নিশ্চিত করেনি অ্যাপল।
ধারণা করা হচ্ছে, আইওএস ২৭ আইওএস ২৬ সমর্থনকারী আইফোন মডেলগুলোতে চালানো যাবে। এর মধ্যে আইফোন ১১ সিরিজ থেকে পরবর্তী মডেলগুলো থাকতে পারে। তবে হার্ডওয়্যারনির্ভর কিছু নতুন সুবিধা অপেক্ষাকৃত নতুন আইফোনেই সীমাবদ্ধ থাকতে পারে।
আগামী ৯ সেপ্টেম্বরের অনুষ্ঠানে অ্যাপল আইফোন ১৮ প্রো সিরিজের পূর্ণাঙ্গ লঞ্চ সূচি ঘোষণা করতে পারে। তাই ১২ সেপ্টেম্বর প্রি-অর্ডার এবং ১৮ সেপ্টেম্বর বিক্রি শুরুর তারিখ আপাতত সম্ভাব্য সময়সূচি হিসেবেই বিবেচনা করা হচ্ছে।