রাজধানীর মোহাম্মদপুর থানা শ্রমিক দলের সাবেক আহ্বায়কঃ আলী কায়সার পিন্টু ডিবি হেফাজতে, নেতাকর্মীদের তীব্র নিন্দা ও মুক্তির দাবি

শাহ্ আলমঃ   

রাজধানীর ঢাকা মহানগর উত্তরের মোহাম্মদপুর থানা শ্রমিক দলের সাবেক বিপ্লবী  আহ্বায়ক আলী কায়সার পিন্টুকে গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নিয়েছে বলে জানা গেছে। প্রায় সাত ঘণ্টা  মোহাম্মদপুর থানায় আটকে রাখার পর তাকে ডিবি পুলিশে হস্তান্তর করে মোহাম্মদপুর থানার পুলিশ। 

তদন্ত সূত্রে পাওয়া তথ্য মতে, গত সোমবার (৩১ আগস্ট) রাতে মোহাম্মদপুর বেড়িবাঁধ ভাঙা মসজিদ সংলগ্ন আন্তঃজেলা ট্রাকস্ট্যান্ডে মারামারির একটি ঘটনায় আকবর নামের এক শ্রমিক দল নেতাকে  গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে মোহাম্মদপুর থানার পুলিশ।

পরদিন মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে আটক কর্মীকে দেখতে থানায় যান শ্রমিক দল নেতা আলী কায়সার পিন্টু। প্রত্যক্ষদর্শী ও শ্রমিক দলের কর্মীদের দেওয়া  তথ্যানুযায়ী পিন্টু থানায় পৌঁছানোর পর মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম তাকে থানাতেই অপেক্ষা করতে বলেন এবং জানান যে, ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে কথা বলবেন।

সকাল ১১.৩০ মিঃ থেকে থানায় আটকে রাখার পর সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে গোয়েন্দা পুলিশের একটি দল মোহাম্মদপুর থানায় এসে তাকে হাতকড়া পরিয়ে তাদের হেফাজতে নিয়ে তড়িঘড়ি করে থানা ফটক ত্যাগ করেন। শ্রমিক দলের কর্মী মো. ওমর ফারুক অভিযোগ করেন, দীর্ঘ ৭/৮ ঘণ্টা থানায় আটকে রাখা হলেও পিন্টুর অপরাধ বা আটকের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে পুলিশ কোনো স্পষ্ট তথ্য জানায়নি তাদেরকে।

মোহাম্মদপুর থানা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক আলী কায়সার পিন্টুকে গ্রেপ্তার করায় মোহাম্মদপুর থানায় উপস্থিত শ্রমিক দলের নেতাকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি করেন। নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে জানান, আলী কায়সার পিন্টু দীর্ঘ ১৭ বছর ধরে রাজনৈতিক নিপীড়ন ও জেল-জুলুমের শিকার হয়েছেন। বিনা দোষে তাকে এভাবে গ্রেফতারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তারা হুঁশিয়ারি দিয়েছেন যে, তাকে দ্রুত মুক্তি না দিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এ বিষয়ে জানতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মুঠো ফোনে ফোন করলেও তিনি কল কেটে দেন।