কমলো এলপিজির দাম, নতুন নির্ধারণী দাম কত?

সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) এক বার্তায় নতুন দাম নির্ধারণের তথ্য জানায় বিইআরসি। নির্ধারিত নতুন দাম বুধবার সন্ধ্যা থেকে কার্যকর হবে।

এ ছাড়া প্রতি লিটার অটোগ্যাসের দাম ৭৩ টাকা ৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসির নির্ধারিত দাম অনুযায়ী, সাড়ে ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭২৭ টাকা, সাড়ে ১২ কেজির ১ হাজার ৬৫২ টাকা এবং ১৫ কেজির দাম ১ হাজার ৯৮২ টাকা।

এ ছাড়া ১৬ কেজি সিলিন্ডারের দাম ২ হাজার ১১৪ টাকা, ১৮ কেজির ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজির ২ হাজার ৬৪২ টাকা, ২২ কেজির ২ হাজার ৯০৭ টাকা এবং ২৫ কেজির দাম ৩ হাজার ৩০৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, ৩০ কেজি সিলিন্ডারের দাম ৩ হাজার ৯৬৪ টাকা, ৩৩ কেজির ৪ হাজার ৩৬০ টাকা, ৩৫ কেজির ৪ হাজার ৬২৪ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৫ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করেছে বিইআরসি।