প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬
সময়: ০৫:৪৬ পিএম
হৃদয়ের ২৭৪ রানে সাউথ আফ্রিকা ‘এ’র বিপক্ষে এগিয়ে বাংলাদেশ
পচেফস্ট্রুমে ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন তাওহীদ হৃদয়। সাউথ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচে ডাবল সেঞ্চুরি পেরিয়ে ছুটছেন ট্রিপল সেঞ্চুরির পথে। তাঁর অপরাজিত ২৭৪ রানের অসাধারণ ইনিংসে ভর করে ম্যাচের শেষ দিনের প্রথম সেশন নিজেদের করে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।
রোববার টস জিতে সাউথ আফ্রিকা ‘এ’ দলকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। প্রথম ইনিংসে ১১৫.১ ওভার ব্যাট করে ৫১২ রান সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের প্রথম সেশন পর্যন্ত ১৬৭ ওভারে ৫৭৬ রান করেছে বাংলাদেশ।
ফলে স্বাগতিকদের চেয়ে ৬৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় সেশন শুরু করবে বাংলাদেশ। হৃদয় ৪১১ বলে ২৭৪ রানে অপরাজিত রয়েছেন। তাঁর সঙ্গে ব্যাট করছেন রেজাউর রহমান রাজা, যিনি ৩৩ বলে ৮ রানে অপরাজিত।
বাংলাদেশের ইনিংসে জাকের আলী অনিক ৯৪ রান করে আউট হন। মোহাম্মদ সাইফউদ্দিনের ব্যাট থেকে আসে ৮৭ রান।
দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে সাউথ আফ্রিকা ‘এ’ দল। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে হৃদয়ের ব্যাটে ঘুরে দাঁড়ানোর দারুণ সুযোগ তৈরি করেছে বাংলাদেশ ‘এ’।